সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, আমি যদি সাতক্ষীরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। আমার নির্বাচনী এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।
বক্তারা ধর্মের নামে রাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। মুখে এক কথা বলে, কাজে আরেক। তারা ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আপস করেছে।
বক্তারা আরও বলেন, যারা ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি করে, তারা কখনোই দেশের কল্যাণ করতে পারে না। ধর্ম নিয়ে ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে দিন। ইনশাআল্লাহ, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। স্বাধীনতাবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
তারা বলেন, এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে। আমরা হেরে গেলে স্বাধীনতা বিরোধীরা শক্তিশালী হবে।
আরও বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু ধর্মকে বিক্রি করে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বিশাল এই নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান প্রমুখ।
বিকাল তিনটার আগেই শহীদ আব্দুর রাজ্জাক পার্কে হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীক, দলের ব্যানার-ফেস্টুন, তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট ও প্রার্থীর ছবি বহন করে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় অংশ নেন। স্লোগান, করতালি ও বাদ্যযন্ত্রের তালে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

