কালিগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার কাজী আলাউদ্দিনের
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় ভদ্রখালী ঈদগাহ মাঠে ধানের শীষ প্রতীকের এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় কাজী আলাউদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জুলাই জাতীয় সনদের গুরুত্ব অনুধাবন করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি তার অগ্রাধিকার থাকবে।তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে। সেই লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। ২০০১ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে তিনি এ অঞ্চলের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎ সংযোগ ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেছেন বলেও উল্লেখ করেন।
কাজী আলাউদ্দিন বলেন, আবারও নির্বাচিত হয়ে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করতে চান তিনি। পাশাপাশি তিনি জনগণকে ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো স্থান থাকবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

