সাতক্ষীরায় সেনা অভিযানে সন্ত্রাসী কানা কাদেরসহ গ্রেপ্তার-৩
স্টাফ রিপোর্টার: সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাতক্ষীরায় সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাতে সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি আব্দুল কাদের মিয়া ওরফে কানা কাদেরসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ২২ বোতল কোরেক্স, একটি দেশীয় অস্ত্র, একটি কুড়াল ও একটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা গ্রামের কেরামত গাজীর ছেলে আব্দুল কাদের মিয়া (৪৩), আবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩৭) ও একই গ্রামের মুজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৮)।
সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে এর আগে ১৯ জানুয়ারি সদর উপজেলার বাদামতলা এলাকায় পৃথক আরেকটি অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ১০২ বোতল কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

