কলারোয়াসদর

সাতক্ষীরা সীমান্ত থেকে সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ বোতল ভারতীয় মদসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ০৫ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করা হয়।

চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস-এর ০৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুরিয়া এলাকা থেকে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া মাদরা বিওপির আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা এলাকা থেকে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। ভোমরা বিওপির আভিযানিক দল মেইন পিলার-২/৩ এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা গাজীপাড়া এলাকা থেকে ৭,৫০০ টাকা মূল্যের ০৫ বোতল ভারতীয় মদ আটক করে।

অপরদিকে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস-এর ০৩ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি এলাকা থেকে ২,০৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করে।

এ অভিযানে সর্বমোট ৫,৬০,৫০০ টাকা (পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচ শত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত চোরাচালানী মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *