কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে নারীদের উপর সন্ত্রাসী হামলা
হাসানূল কবীর, শার্শা: যশোরের ঝিকরগাছা উপজেলাধীন নায়ড়া গ্রামের কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় নারীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
সরেজমিন জানা যায়, নায়ড়া গ্রামের নওশের সরদারের ছেলে মুজিবর তাদের পারিপারিক কবরস্থানে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে একই গ্রামের মৃত মহম্মেদ এর ছেলে ফয়জুর মাস্টার তার পালিত সন্ত্রাসী বাহিনীর সদস্য আব্দুল মালেকের ছেলে দিসান, আবু সাঈদের ছেলে সোহান হোসেন, মান্নানের ছেলে ফয়সাল, ইজানের ছেলে রাজা হোসেন, মিজানুর রহমানের ছেলে রাজা হোসেন ও দাড়িয়ার ছেলে ইজানুর রহমান চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুজিবরের বাড়িতে যেয়ে মুজিবর সহ মুজিবরের দুই ভাইয়ের স্ত্রী রমিছা খাতুন ও মুনছুরা খাতুন, মুজিবরের ভাইয়ের মেয়ে সোনালির উপর বেধড়ক মারপিট এ শ্লীলতাহানি করে। হামলাকারীরা মারপিট করে ১টি মোবাইল সেট, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ১টি নাকফুল ছিনিয়ে নিয়ে চলে যায়। ছিনতাইকৃত মালামালের মোট মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা বলে ভুক্তভোগীরা জানায়।
এঘটনার পর ভুক্তভোগীরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঐদিনই ঝিকরগাছা থানায় এব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা মুজিবরের বাড়িতে যেয়ে তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার বিষয়টি দেখেছে। এবং বিবাদীগণ সাক্ষাতকারে উক্ত ভিডিও ধারণ করার কারণেই ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষের পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে নিজেরাই স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ৩১/০৭/২০২৪ ইং তারিখে কবরস্থানের সর্বমোট ৬৪ শতক জমির মধ্যে ১০ শতক জমির মালিক জহির উদ্দিন ও ফয়জুর মাস্টার যোগসাজশে জালিয়াতি করে জমির শ্রেণি পরিবর্তন দেখিয়ে তানজিলা খাতুনের নামে দলিল করেন। এবং সেখানে ফয়জুর মাষ্টার তার পোষ্য ক্যাডারদের নিয়ে অবৈধ স্থাপনা তৈরি কালে উক্ত কবরস্থানের অন্য শরিক দাতারা বাধা প্রদান করিলে সেই সময়েও মুজিবরের পরিবারের উপর বেধড়ক হামলা চালায়। ঐ হামলার বিষয়ে একটি মামলা হয় যার নম্বর (জি আর ২৪০/২৪)। পরবর্তীতে মুজিবর সরদার ভৃমি মন্ত্রণালয়ে সচিব বরাবর একটি অভিযোগ দায়ের করিলে সেই অভিযোগের কপি ঝিকরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকটে আসে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয়পক্ষকে একটি দিন নির্ধারণ করে সেখানে একটি সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তে উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আদেশ করেন এবং বলেন- রেকর্ডীয় জমির শ্রেণী পরিবর্তন করা দণ্ডনীয় অপরাধ। উভয় পক্ষকে রেকর্ডীয় শ্রেণী মোতাবেক কার্যক্রম গ্রহণের জন্য বলা হয় এবং বিবাদী পক্ষকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কবরস্থানে নিষেধ করেন। কিন্তু ফয়জুর মাস্টার সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কবরস্থানের উপরে প্রতিদিন রাতে নেশাদ্রব্য পানসহ গান-বাজনা ও বিভিন্ন ধরণের আপত্তিকর ঘটনা ঘটাতে থাকে। এবিষয়ে ভুক্তভোগী মুজিবর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি প্রমাণ দেখাতে বলেন।
পূর্বের সিদ্ধান্তের উপর শ্রদ্ধা রেখে মুজিবর সর্দার গত ২৯ ডিসেম্বর রাতে কবরস্থানের জায়গায় অনৈতিক ঘটনা দেখতে পেয়ে মুজিবর একটি ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে তাকে ধাওয়া করে হুমকি দেওয়া হয় এবং সাথেসাথে তার ছোট ভাইয়ের দোকান নায়ড়া বাজারে গিয়ে তার ভাইকে গালিগালাজ করে। পরবর্তী দিন সকাল সাড়ে ৯টার দিকে মুজিবর সর্দার ও তার পরিবারের সদস্যের উপর ফয়জুর মাস্টার এবং তার ভাই ইজান তাদের সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে এই হামলা চালায় এবং মোবাইল সহ স্বর্নের গহনা লুট করে।
এবিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

