গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
গাজী হাবিব: সাতক্ষীরায় ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট।
রবিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় সাতক্ষীরা শহরের আমতলার গণমুখী মাঠে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল করে সাতক্ষীরা জেলা জামায়াত।
সমাবেশ থেকে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ অবিলম্বে জনগণের রায় মেনে নিয়ে তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক- নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোর্ট মোড়, নিউমার্কেট মোড় ও পাঁকাপোল অতিক্রম করে নাজমুল স্মরণী হয়ে পুনরায় আমতলা মাঠে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এই গণরায় নিয়ে কোনো ধরনের তালবাহানা মেনে নেওয়া হবে না। আমরা আশা করেছিলাম সরকার জনগণের মতামতকে প্রাধান্য দেবে, কিন্তু তারা তা উপেক্ষা করে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে।
তিনি আরও বলেন, জুলাই সনদের সঙ্গে বেইমানি করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই সনদ বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, নির্বাচনের দুই মাস পার না হতেই সরকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে। যে আন্দোলনের ওপর ভিত্তি করে তারা ক্ষমতায় এসেছে, সেই জুলাই আন্দোলনের চেতনাকে তারা ভুলে যাচ্ছে। ৭১ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করা মানে জনগণের সঙ্গে বেইমানি করা।
সমাবেশে বক্তারা ব্রিটিশ আমলের ‘পচা আইন’ বাতিল করে জুলাই আন্দোলনের চেতনার আলোকে নতুন আইন প্রণয়ন ও দেশে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হাসান, শেখ নুরুল হুদা, শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আঃ সবুর, সহকারী সেক্রেটারি মাওলানা মো. হাবিবুল রহমান, শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান, হাসিবুল রহমান রুম্মান (জাতীয় ছাত্র শক্তি), এবি পার্টির জেলা সদস্য সচিব সালাউদ্দিন শাকিল, এনসিপি নেতা কামরুজ্জামান বুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা সম্মিলিতভাবে ঘোষণা করেন, জনগণের ভোটাধিকার ও জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

