সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় তিন লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (০৩ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা, কাকডাঙ্গা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মোবাইল ফোনের সীম বোর্ড, শাড়ি, ঔষধ ও তালাচাবি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন এলাকা থেকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রাম হতে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে। একইভাবে চান্দুরিয়া বিওপির দল সীমান্ত পিলার ১৭/৭-এস এর নিকটবর্তী গাড়ালপাড়া এলাকা থেকে প্রায় ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে, মাদরা বিওপির আভিযানিক দল উত্তর ভাদিয়ালী এলাকা থেকে ৬০ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের সীম বোর্ড আটক করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকা থেকে ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় তালাচাবি জব্দ করে।
অভিযানে সর্বমোট ২ লাখ ৯০ হাজার ৮০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান দেশের স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর এবং সরকারকে বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত করে।
এদিকে, সীমান্ত এলাকায় বিজিবির এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

