কেশবপুরযশোর

কেশবপুরে তেল পাম্পে অনিয়মের প্রতিবাদে কিশোরকে মারধর, সাংবাদিককে হত্যার হুমকি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মৃর্জানগর/গোপালপুর তেল পাম্পে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এক কিশোরকে মারধর এবং এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া চন্দনপুর গ্রামের সোয়েব হোসেন (পিতা: কামরুল ইসলাম) বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে তেল নেওয়ার উদ্দেশ্যে গোপালপুর তেল পাম্পে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধ্যার দিকে তিনি দেখতে পান, নির্ধারিত সিরিয়াল উপেক্ষা করে কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল দেওয়া হচ্ছে।

এ সময় সোয়েব হোসেন অনিয়মের বিষয়ে প্রশ্ন তুললে তাৎক্ষণিকভাবে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ১নং ত্রিমোহিনী ইউনিয়নের মৃজানগর এলাকার আয়ুব মাস্টার ক্ষিপ্ত হয়ে ওই কিশোরকে বেধড়ক মারধর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একজন শিক্ষকের এমন আচরণে উপস্থিত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিক একরামুল কবির সোহেল বিষয়টি জানতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, মৃজানগর এলাকার মহির মেম্বার, আয়ুব মাস্টার এবং স্থানীয় যুবদল নেতা রুবেল সাংবাদিক একরামুল কবিরের জামার কলার ধরে তাকে মারধরের হুমকি দেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

ভুক্তভোগীরা জানান, কেবল অনিয়মের বিষয়ে প্রশ্ন তোলাই তাদের ‘অপরাধ’ হয়ে দাঁড়ায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী সাংবাদিক একরামুল কবির সোহেল জানান, তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একজন শিক্ষক ও জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে প্রশ্ন তুলেছে—আইনের শাসন ও ন্যায়বিচার কতটা নিশ্চিত হচ্ছে? দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *