কালিগঞ্জলিডশ্যামনগরসদরসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে জেলার শীর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা ও শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী (৪৪) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে পুলিশ এবং র‍্যাব-৬ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকার আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে ইয়ার আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং কিছু পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়ার আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *