তালায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশিপুর গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটকেলঘাটা থানা পুলিশ শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে একই উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে তার বিবাহ হয়।
নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকেই কারিনার দাম্পত্য জীবন ছিল অশান্ত। স্বামী ও শাশুড়ির পক্ষ থেকে নিয়মিত যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হতো এবং তা না পেলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। পরিবারের ভাষ্য অনুযায়ী, এ নির্যাতনের জেরেই তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
কারিনার বাবা সঞ্জয় দাস জানান, তার জামাতা স্থায়ীভাবে কোনো পেশায় যুক্ত ছিলেন না। টিউশনি করে যা আয় করতেন, তা দিয়ে সংসার চালাতে না পেরে প্রায়ই মেয়ের ওপর আর্থিক চাপ সৃষ্টি করতেন। তিনি অভিযোগ করেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে।”
এদিকে, নিহতের মামা গৌর দাস এই মৃত্যুকে ‘রহস্যজনক’ উল্লেখ করে বলেন, “এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা জরুরি। আমরা এর সঠিক তদন্ত চাই।”
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, হাসপাতালে আনার আগেই কারিনার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কিছু চিহ্ন লক্ষ্য করা গেছে বলেও জানান তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
এদিকে, নিহতের পরিবার ও স্বজনরা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

