তালা

তালায় ঈদ উপলক্ষে ১৪ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

আব্দুল মান্নান, তালা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ১২টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৩ হাজার ৯১৩টি অসহায় ও নি¤œ আয়ের পরিবারের মাঝে ১৩৯ দশমিক ১৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তালা ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির অংশ হিসেবে ১ হাজার ৫৪০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা ও ইউনিয়ন কৃষি উপসহকারী আসমত আরা, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, বিএনপির সাবেক জেলা কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এ মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে। এর মাধ্যমে তারা পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন। উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে। চাল পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *