ঈদে ভোমরা স্থলবন্দরে বাণিজ্য বন্ধ ১০ দিন, চলবে যাত্রী পারাপার
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে টানা ১০ দিনের জন্য সাতক্ষীরার গুরুত্বপূর্ণ ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসের অধীনে সিএন্ডএফ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময় বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। আগামী ২৮ মার্চ থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সংগঠনের মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আগামী ১৭ মার্চ পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালু থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমও স্থগিত থাকবে।”
অন্যদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান জানান, “বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক থাকবে। পাসপোর্টধারীরা নিয়ম অনুযায়ী সীমান্ত অতিক্রম করতে পারবেন।”
এদিকে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান, ঈদের ছুটির সময় বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।
উল্লেখ্য, জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত ভোমরা স্থলবন্দরটির বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর এবং সেখান থেকে কলকাতার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর হিসেবে বিবেচিত।
সব মিলিয়ে ঈদকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

