কলারোয়ালিডসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে আসামিসহ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ঔষধ জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজন আসামিসহ প্রায় এক লক্ষাধিক টাকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঘোনা, হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের পৃথক আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/১২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার দাঁতভাঙ্গা এলাকা থেকে প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আরেকটি আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

অপরদিকে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৪/৩-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার দাড়কি এলাকা থেকে একজন আসামিসহ প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় (ফেনসিডিল সদৃশ) সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানায়, অভিযানে সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

বিজিবি আরও জানায়, এ ধরনের ভারতীয় ঔষধ ও নেশাজাতীয় দ্রব্য চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্থানীয় জনগণও বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক কার্যক্রমের প্রশংসা করে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *