সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবির অভিযানে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বিজিবি।
শনিবার (১৪ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব চোরাচালানী মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, তলুইগাছা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়া থানার ভাদিয়ালি এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দলের সদস্যরা রাজপুর এলাকা থেকে ৮৪ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করে।
এছাড়া বাঁকাল চেকপোস্টের আভিযানিক দলের সদস্যরা সাতক্ষীরা সদর থানার আলিপুর এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করতে সক্ষম হয়।
বিজিবি আরো জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৪ লাখ ৮৩ হাজার ৫৪০ টাকা।
জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় পণ্যের অবৈধ চোরাচালানের ফলে একদিকে যেমন দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় জনগণও এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও কঠোরভাবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

