শ্যামনগরে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটিস” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়-এর সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, জয়ীতা-এর নির্বাহী পরিচালক অষ্টমী মালো প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক। কর্মসূচিটি আয়োজন করে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এবং সহযোগিতায় কমনওয়েলথ ফাউন্ডেশন। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

