নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের আহ্বান: এমপি ইজ্জত উল্লাহ
তালা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মাদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে নারী শিক্ষার প্রসার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

