কলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান সাড়ে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে ১২ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ৩৩ বিজিবি’র সদস্যরা।

শুক্রবার (৬ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালানী পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ বিভিন্ন প্রকার ঔষধ, শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ঝিকড়া কোল্ড স্টোরেজ মোড় এলাকা থেকে প্রায় ৬ লাখ ৩৩ হাজার ৯৭০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী জব্দ করে।

এদিকে গাজীপুর বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৫ এস এর প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার গাজীপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

তলুইগাছা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস এর প্রায় ৮০০ গজ এবং ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার চৌরঙ্গী ও বাঁশদহা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ইয়াবা, একটি মোটরসাইকেল ও হেলমেট জব্দ করে।

অন্যদিকে মাদরা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি পয়েন্ট থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার চান্দা এলাকা থেকে ৮৩ হাজার ৯২০ টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন সামগ্রী জব্দ করে।

কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার ভাদিয়ালী এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া সুলতানপুর বিওপির একটি দল সীমান্ত পিলার ১৭/১ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

বিজিবি জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট ১২ লাখ ৬৬ হাজার ৮৯০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, চোরাকারবারিরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *