সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি।
মঙ্গলবার (৪ মার্চ ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, তলুইগাছা, কুশখালি ও মাদরা বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- কোডাইন ফসফেট ও উইনসারেক্স কফ সিরাপ (১০০ এমএল) – ৩ বোতল, ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ (১০০ এমএল) – ৭ বোতল, ভারতীয় মদ – ১৮ বোতল, বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ, ওয়াইফাই রাউটারের যন্ত্রাংশ ও এয়ারটেল ৫জি সিম, চিংড়ি মাছের রেনু পোনা ও একটি মোটরসাইকেল
জানা যায়- ভোমরা বিওপির দুটি আভিযানিক দল লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৪ হাজার টাকা মূল্যের সিরাপ, ওষুধ, রেনু পোনা ও মোটরসাইকেল জব্দ করে। কুশখালি বিওপির দল শ্মশান ঘাট এলাকা থেকে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ আটক করে। তলুইগাছা বিওপির দল নোটি জঙ্গল আমবাগান এলাকা থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে।
অন্যদিকে, মাদরা বিওপির দল রাজপুর বড়ই বাগান এলাকা থেকে প্রায় ৪ লাখ ৩ হাজার ৪০০ টাকা মূল্যের ওয়াইফাই রাউটার যন্ত্রাংশ ও এয়ারটেল ৫জি সিম জব্দ করে। এই অভিযানে মোট জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়িয়েছে ১১,৭৪,৪০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারকৃত এসব মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যসমূহ কাস্টমসএ জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিজিবি কর্মকর্তারা জানান, চোরাচালান ও মাদক পাচারের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত এ ধরনের অভিযান দেশের অর্থনীতি রক্ষা ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরা- কলারো্য়া সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

