অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জতালা

কালিগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী আটক

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননী সুলতা সরদার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামে ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ঘরের ভেতরে সুলতা সরদারকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

নিহত সুলতা সরদার পার্শ্ববর্তী শ্যামনগর থানার ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের কন্যা এবং কালিগঞ্জ উপজেলার মালিঙ্গা গ্রামের ঘের মালিক শশাঙ্ক সরদারের স্ত্রী। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম-আল রাজি নিশ্চিত করেছেন।

ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পিতা সুবল বৈদ্য অভিযোগ করে সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিল। তার দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *