কুরআন বুঝে পড়ে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে: এমপি ইজ্জত উল্লাহ
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
হেলাতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হযরত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা মো. ওমর আলী, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আবু তালেব, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রোমেল, সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুল কাদের, জাবিদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “রমজান কুরআন নাজিলের মাস এবং ইসলামের বিজয়ের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, তাকওয়া ও ঈমানি শক্তি সঞ্চয়ের মাস। কোরআনকে শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর মর্মবাণী অনুধাবন করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন কায়েম সম্ভব।”
তিনি আরও বলেন, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি ও অন্যায় পরিহার এবং ইসলামী আদর্শে পরিচালিত জীবনব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে ইফতারের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

