আশাশুনি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ৯ রমজান শুক্রবার বিকাল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা কাজী আলাউদ্দীন।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, দলীয় গ্রুপিং ও ভেদাভেদ ভুলে ধানের শীষের সাথে থাকুন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে বিএনপি বিপুল ভোটের মাধ্যমে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে উন্নয়ন কাজ শুরু করেছেন। তার স্বপ্ন পূরনে আমরা সকলে সহযোগিতা করবো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ। তিনি বলেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রতিক ধানের শীষের বিপক্ষে নির্বাচন করে তাদের কোন ছাড় নাই। সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, কোন সন্ত্রাসী চাঁদাবাজদের বিএনপিতে ঠাই হবেনা। যারা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবে তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন ( মুকুল), আশাশুনি উপজেলা বিএনপির সবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা জামায়াত ইসলামের আমীর আবু মুসা তুশার। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমীন, কাজী আলাউদ্দীনের জ্যেষ্ঠপুত্র কাজী সাজিদুর রহমান সাজু, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান সহ আশাশুনি সদর ইউনিয়ন, কুল্যা, বুধহাটা, আনুলিয়া, শ্রীউলা, খাজরা, প্রতাপনগর, শোভনালী, কাদাকাটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ।
দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আশাশুনি বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. বাকী বিল্লাহ।

