শার্শার পাচারকারী ৫টি স্বর্ণের বারসহ যশোরে আটক
হাসানূল কবীর: যশোর সদর উপজেলার দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে একজন পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক আব্দুর রউফ শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
আটককৃত ব্যক্তি স্বর্ণের বার গুলো সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন আব্দুর রউফের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৫৮২ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আটককৃত ব্যক্তিকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত দিয়ে সব ধরণের চোরাচালান রোধে বিজিবি’র টহল ও নজরদারি জোরদার রয়েছে। এবং আগামীতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

