সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
গাজী হাবিব: সাতক্ষীরার সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সুত্রে জানা যায়, ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদরের আনসারের মোড় নামক স্থান হতে ৪৪ হাজার টাকা মূল্যের ভারতীয় জর্জেট টিস্যু থান কাপড়, কালিয়ানী বিওপির সদস্যরা ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির সদস্যরা সদরের নটিজংগল নামক স্থান হতে ৩৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার শ্মশান ঘাট নামক স্থান হতে ৮ হাজারটাকা মূল্যের ভারতীয় ই কফ সিরাপ আটক করে।
এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা কলারোয়ার রেউইবাজার হতে ১ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যরা মোট ২ লাখ ৯৮ হাজার ৪০০ টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বলেন- চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

