অনলাইনঅপরাধআইন আদালততালাপাটকেলঘাটাশিক্ষাঙ্গন

পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে চোর চক্র বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের মূল্যবান সরঞ্জাম ও তার কেটে নিয়ে যাওয়ায় বর্তমানে পুরো বিদ্যালয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে প্রথমে বিদ্যালয়ের বাইরে থাকা বিদ্যুতের প্রধান লাইনের তার কেটে নেয়। এরপর মাটি খুঁড়ে বিদ্যালয়ের সাবমার্সিবল পাম্পের সাথে সংযুক্ত সকল বৈদ্যুতিক তার লুটে নেয়। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশের টিনশেড কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে থাকা তার খুলে নেওয়ার পাশাপাশি সুইচবোর্ডগুলোও ভাঙচুর করা হয়েছে। এমনকি নতুন ভবনের আর্থিং রড ও বিদ্যুৎ নিরোধক তারও উপড়ে নিয়ে গেছে চোর চক্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্দনা চন্দ জানান, চোরেরা পরিকল্পিতভাবে বিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে থাকা বৈদ্যুতিক সংযোগ তছনছ করে মূল্যবান সরঞ্জাম নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং বর্তমানে ক্লাস ও দাপ্তরিক কাজ পরিচালনার ক্ষেত্রে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *