কালিগঞ্জের হাড়দ্দহায় সুপেয় পানি রক্ষায় মানববন্ধন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানির উৎস রক্ষার দাবিতে হাড়দ্দহা গ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের পিএসএফ ফিল্টার সংলগ্ন দীঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো। তবে সম্প্রতি পুকুরের পাড় গভীর করে মৎস্যঘের নির্মাণের উদ্যোগ নেওয়ায় লোনাপানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সুপেয় পানির সংকট সৃষ্টি করতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মহল পুকুরের পাড়ে বিপুল পরিমাণ মাটি ভরাট করে কাঁটাতার ও সীমানা পিলার অপসারণ করেছে। এতে পুকুরপাড়ের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেকু মেশিন ব্যবহার করে বিভিন্ন গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।অভিযোগে বসন্তপুর এলাকার বাসিন্দা সাদিকুর বিশ্বাস (পিতা: আব্দুর নূর বিশ্বাস)সহ কয়েকজনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন হাফেজ খায়রুল বাসার, তাপস, নাজমুল হুদা, রবীন্দ্রনাথ, শ্যামল মণ্ডল, সনৎ মণ্ডল ও নীলা মণ্ডল।
এ ঘটনায় ভুক্তভোগীরা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনের সময় অভিযুক্ত সাদেকুর বিশ্বাস ক্ষতিপূরণ প্রদান এবং সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসী জানিয়েছেন, সরকারি সম্পত্তি ও সুপেয় পানির উৎস রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি পুকুর সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

