মাহে রমজানের আগমনে তালায় জামায়াতের উদ্যোগে স্বাগত শোভাযাত্রা
এমএ মান্নান, তালা: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর তালা উপজেলা মডেল মসজিদের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং তেঁতুলিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য আফতাব উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা ইউনিয়ন আমির মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মাহে রমজানের পবিত্রতা, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন। বক্তারা বলেন, রমজান মুসলমানদের জন্য আত্মগঠন ও নৈতিক উন্নয়নের এক অনন্য সুযোগ। এ মাসে সবাইকে বেশি বেশি ইবাদত, দান-সদকা ও মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

