অনলাইনঅপরাধআইন আদালতকলারোয়াতালারাজনীতিসাতক্ষীরা জেলা

তালায় কলেজ শিক্ষক ও তার উপর কন্যার হামলা, হাসপাতালে ছুটে গেলেন হাবিব

স্টাফ রিপোর্টার: তালা উপজেলায় চাঁদার দাবিতে কলেজ শিক্ষক ও তার শিশু কন্যার উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজ শিক্ষক ও তার পাঁচ বছর বয়সী কন্যা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তালা উপজেলার কৃষ্ণনগর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যাপক হিরন্ময় মণ্ডলের শিশু কন্যা নাতাশা মণ্ডলও (৫) আহত হয়েছেন।

ভুক্তভোগী অধ্যাপক হিরন্ময় মণ্ডল জানান, তার কন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যাতায়াত করতে হয়। সোমবার সকালে মেয়েকে নিয়ে পাসপোর্ট অফিসে যাওয়ার পথে কৃষ্ণনগর ব্রিজে পৌঁছালে টিকারামপুর গ্রামের খালেক সরদারের ছেলে সজীব সরদার চাঁদা দাবি করে তার মোটরসাইকেল আটকানোর চেষ্টা করে।

তিনি আরও বলেন, দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে সজীব সরদার লোহার রড দিয়ে তার মেয়ের মাথায় আঘাত করে। এতে তারা মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান। এরপর সজীব তাকে হাত-পায়ে মারধর করে। সঙ্গে টাকা না থাকায় পাশের দুইজন তৃতীয় লিঙ্গের ব্যক্তির কাছ থেকে ধার করে এক হাজার টাকা দিলে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অভিযুক্ত সজীব সরদার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও বিক্রি, চাঁদাবাজি, লুটপাট ও দখলবাজির অভিযোগ রয়েছে। তার ভয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুখ খুলতে সাহস পান না। এর আগেও তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে, হিরন্ময়ের উপর হামলার খবর জানতে পেরে হামলাকারী যুবক সজীব সরদারকে দূর্গম বিলান এলাকা থেকে ধরে এনে পুলিশে খবর দেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঐ যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

খলিষখালী ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আব্দুল হান্নান জানান, ঘটনা জানা মাত্রই ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হামলাকারী যুবককে দূর্গম বিলান এলাকা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ইউনিয়নের যে কেউ অপরাধ কর্মকান্ডে জড়ালে তাকে প্রতিহত করতে প্রশাসনকে সর্বদা সহযোগিতা করবে বিএনপি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, কলেজ শিক্ষক হিরন্ময় মন্ডলকে ছিনতাই ও তার মেয়েকে মারপিট অত্যন্ত দুঃখজনক ঘটনা । খোঁজ নিয়ে জানতে পেরেছি, তাদের উপর আক্রমন করা ঐ যুবক এলাকায় নেশাগ্রস্থ হিসেবে চিহ্নিত । তাকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, এঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২ দিন আগে কলেজ শিক্ষক হিরন্মময় মন্ডলের উপর হামলার খবর শোনা মাত্রই তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব । এসময় তিনি হিরন্ময় মন্ডলও তার শিশুকন্যা নাতাশা মন্ডলের সার্বিক খোঁজ খবর নেন এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *