সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মোস্তানছির বিল্ল্যাহ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রফেসর সুকুমার দাস, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিবুল্লাহ, প্রফেসর বলয় চন্দ্র ঘোষ, প্রফেসর মো. আবুল হোসেন, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক আ ন ম গাউছার রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী। উদ্বোধনের আগে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, অলিম্পিক মশাল প্রজ্বলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. অলিউর রহমান।

