জনগণ বহু শাসন ব্যবস্থা দেখেছে, এবার দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করে: মুহাদ্দিস আব্দুল খালেক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ভোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আনোয়ার কবির।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। মর্যাদাবান মা ও বোনেরা সমাজ গঠনে আরও বেশি এগিয়ে এলে কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সহজ হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণময় রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণ ইতিপূর্বে বহু শাসন ব্যবস্থা দেখেছে। এবার মানুষ সৎ, দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রত্যাশা করে। কুরআন ও সুন্নাহর আলোকে সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সদর উপজেলা ইউনিট সদস্য মাওলানা ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামান।

