সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় ও সুন্দরবন হবে পর্যটন কেন্দ্র: মুহাদ্দিস আব্দুল খালেক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাতক্ষীরা-২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক শুক্রবার দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন। বিভিন্ন ইউনিয়নের শিবপুর, দৌলতপুর ও ধুলিহর এলাকায় অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে এবং সুন্দরবনের ঐতিহ্য কাজে লাগিয়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। দেশের চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে সাতক্ষীরাকে শক্তিশালী জেলা হিসেবে রূপান্তর করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, দেশের বেকার সমস্যা দূর করা, মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের সমান অধিকার প্রদানের জন্য জাতীয় নেতৃত্বের সঙ্গে কাজ করতে চান। পথসভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাস্টার আশরাফুজ্জামান খোকন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সাংবাদিক মাওলানা আব্দুল করিম, শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি মাস্টার আবুল হাসান এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

