শ্যামনগরের মেয়ে আমেনার বিরুদ্ধে জাল কাবিননামা তৈরি করে ৩ লাখ টাকা দাবির অভিযোগ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের আমেনা খাতুনের বিরুদ্ধে জাল কাবিননামা প্রস্তুত, প্রতারণা এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, আমেনা খাতুন শ্যামনগর উপজেলার মোহাম্মদ আব্দুল করিমের ছেলে বাকিবিল্লাহর সঙ্গে কোনো বৈধ বিবাহ সম্পন্ন না করেই একটি কাবিননামা প্রস্তুত করেন, যেখানে দেনমোহর হিসেবে ৩ লাখ টাকা উল্লেখ করা হয়। কাবিননামায় নিজেকে ‘কুমারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয় বলে অভিযোগকারীর দাবি। পরবর্তীতে আমেনা খাতুন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড আদালতে দেনমোহর ও খোরপোষ বাবদ অর্থ দাবিতে বাকিবিল্লাহর বিরুদ্ধে মামলা করেন (মামলা নং ৯৭৫/২৫)। এছাড়া একই কাবিননামার ভিত্তিতে যৌতুক নিরোধ আইনে আরেকটি মামলা দায়ের করা হয় (মামলা নং ১০৪৮/২৫)। এ বিষয়ে সংশ্লিষ্ট বিবাহ রেজিস্ট্রারের কাছে জানতে চাইলে তিনি লিখিত ও মৌখিকভাবে জানান, তার কার্যালয়ে উল্লিখিত নামে কোনো বিবাহ নিবন্ধিত হয়নি। তিনি আরও বলেন, আমেনা খাতুন ও বাকিবিল্লাহ- দু’জনকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই কৌশলে পূর্বেও কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে বাকিবিল্লাহ বাদী হয়ে আমেনা খাতুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নং ১৩/২৬)।

