জাতীয়

দুই দফা রিমান্ড শেষে কারাগারে আ স ম ফিরোজ

ডেস্ক রিপোর্ট: বৈষম্য বিরোধী আন্দোলনে সোহাগ মিয়া নামে এক কিশোর হত্যার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় গ্রেপ্তার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও টানা আটবারের সংসদ সদস্য আ স ম ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাসুদুর রহমান। অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ মামলায় দুই দফায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২৩ আগস্ট রাতে রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ আওয়ামী লীগ নেতা আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে জয়ী হন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে এক নম্বর প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *